নিহত ওই ব্যক্তির নাম শেখ ফরিদ (৫২)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার তালাশপুর গ্রামের মৃত ওবায়দুল্লাহর ছেলে। শেখ ফরিদ সপরিবার ঢাকার দনিয়ার পলাশপুর এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি কদমতলী থেকে যাত্রী নিয়ে পোস্তগোলার দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাকের ধাক্কায় সেটি উল্টে গেলে যাত্রীরা গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় শেখ ফরিদ ও ইয়ামিন (৩২) নামের আরেক যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বিকেল পৌনে চারটার দিকে শেখ ফরিদকে মৃত ঘোষণা করেন। আহত ইয়ামিন বর্তমানে চিকিৎসাধীন। অটোরিকশার চালক স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কদমতলী থানার উপপরিদর্শক মোশাইদুল প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।