পণ্যের মান নিয়ে ক্রেতার সঙ্গে কথা–কাটাকাটি, পরে দোকানিকে কুপিয়ে হত্যা

John Smith | আপডেট: ৭ মে ২০২৬, ২:১২ দুপুর

বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, পণ্যের মান নিয়ে কথা–কাটাকাটির জেরে এক ক্রেতার হাতে খুন হন দোকানি।

নিহত ব্যক্তির নাম মুজাহিদ মোল্লা (৪২)। তিনি হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে এবং হিজলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম বায়জিদ ইজাদার (৩২)। তিনিও একই গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, আজ সকাল সাতটার দিকে বাড়িসংলগ্ন দোকানে বসে ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় তাঁর দোকানে একটি জুস কিনতে আসেন বায়জিদ ইজাদার। বায়জিদ জুস হাতে নিয়ে দোকানিকে বলেন, জুসটি ভালো নয়। এ সময় মুজাহিদ জুসটি নিজে পান করে বলেন, এটির মান খারাপ নয়। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে বায়জিদ তাঁর হাতে থাকা হাঁসুয়া দিয়ে দোকানি মুজাহিদের গলায় কোপ দেন।

পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনাটির পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বায়জিদ ইজাদারকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

Your experience on this site will be improved by allowing cookies.