‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে ইরানকে ট্রাম্পের হুমকি

John Smith | আপডেট: ৭ মার্চ ২০২৬, ৯:৩১ সকাল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া তেহরানের সঙ্গে কোনো চুক্তি করবেন না তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর সপ্তম দিন গতকাল শুক্রবার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছিলেন, কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে। যদিও কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, ইরানের আত্মসমর্পণের পর নতুন ‘গ্রহণযোগ্য’ ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে। তিনি লিখেছেন, ইরান যখন আত্মসমর্পণ করবে এবং একজন চমৎকার ও গ্রহণযোগ্য নেতা (বা নেতারা) নির্বাচনের পর, আমরা এবং আমাদের অনেক চমৎকার ও অত্যন্ত সাহসী মিত্র ও অংশীদারেরা ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব। ইরানকে অর্থনৈতিকভাবে আগের যেকোনো সময়ের চেয়ে বড়, উন্নত এবং শক্তিশালী করে তোলা হবে।’

ট্রাম্প এর আগেও বিভিন্ন সময়ে ইরানকে আত্মসমর্পণ করতে ও দেশটির রেভোল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) অস্ত্র ছাড়তে বলেছিলেন। গত বুধবার ট্রাম্প দাবি করেন, ইরান আলোচনার পথ খুঁজছে। তবে তিনি বলেছেন ‘অনেক দেরি’ হয়ে গেছে। সাংবাদিকদের কাছে ট্রাম্প দাবি করেন, ‘তারা (ইরান) ফোন করছে। তারা বলছে, কীভাবে একটি চুক্তিতে আসা যায়? আমি বলেছি, দেরি করে ফেলেছেন।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত বুধবার বলেন, তেহরান যুদ্ধবিরতি চাইছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণও দেখছে না। এনবিসি নিউজকে আরাগচি বলেন, ‘আমরা যুদ্ধবিরতির জন্য অনুরোধ করছি না। আমরা তাদের সঙ্গে দুবার আলোচনা করেছি এবং প্রতিবারই তারা আলোচনার মাঝপথে আমাদের ওপর হামলা করেছে। তাই এখন আলোচনার কোনো যৌক্তিকতা আমরা দেখি না।’

বিবিসির ওয়াশিংটন করেসপনডেন্ট ড্যানিয়েল বুশের মতে, ইরানের প্রতি ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধ দ্রুত থামানোর সম্ভাব্য সব পথ ট্রাম্প বন্ধ করে দিয়েছেন বলে মনে হচ্ছে। তিনি গতকাল বিবিসির লাইভে (সরাসরি সম্প্রচার) বলেন, ট্রাম্পের পোস্টটি তেহরান আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গীকারের ইঙ্গিত দেয়। তবে ইরানের বর্তমান সরকারের পতনের আভাস ছাড়া ট্রাম্পের এই ‘পূর্ণ আত্মসমর্পণের’ আহ্বানকে অন্যভাবে ব্যাখ্যা করা কঠিন। তবে এখন পর্যন্ত ইরানের বর্তমান শাসকগোষ্ঠী আত্মসমর্পণ করার কোনো লক্ষণ দেখায়নি।

Your experience on this site will be improved by allowing cookies.