নিশো, তমা, কেয়া পায়েলরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন

John Smith | আপডেট: ৬ মে ২০২৬, ১২:১৭ দুপুর

পুরস্কার বিজয়ীদের সঙ্গে শাম্মী ইসলাম নীলা, তমা মির্জা, আফরান নিশো ও কেয়া পায়েল ~ ছবি: খালেদ সরকার

মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫-এ তারকা জরিপে অংশ নিয়ে লটারিতে ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকিট জিতেছেন খুলনার পাঠক ইয়াছিন আরাফাত। গত ২৮ এপ্রিল লটারিতে বিজয়ী নির্ধারণ করেন তারকারা। লটারিতে তমা মির্জার হাত দিয়েই উঠেছিল তাঁর নাম। গতকাল প্রথম আলো কার্যালয়ে সেই অভিনেত্রীর কাছ থেকেই পুরস্কারটি গ্রহণ করেন ইয়াছিন আরাফাত।

মেগা পর্বের প্রথম পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়াছিন আরাফাত জানালেন, তমা মির্জার ফোন পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি। নিশ্চিত হতে তাঁর সময় লেগেছে। তিনি বলেন, ‘২০১৮ সাল থেকে কুপন পূরণ করছি। এ বছরে এসে পুরস্কার পেলাম।’ একজনকে সঙ্গে নিয়ে ঘুরতে যেতে পারবেন তিনি। জানা গেল, তিনি অবিবাহিত। তাহলে সঙ্গে কাকে নেবেন? জানতে চাইলেন বলেন, মা–বাবা আছে না!

পাঠকের ভোটে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫-এ তারকা জরিপ পুরস্কার পেয়েছেন আফরান নিশো, তমা মির্জা, ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, ইমরান মাহমুদুল, জেফার রহমান ও শাম্মী ইসলাম নীলা। ২৪ এপ্রিল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে সেই পুরস্কার।

কুপন পূরণ করে যাঁরা ভোটে অংশ নিয়েছেন, তাঁদের জন্যই ছিল পুরস্কার। গতকাল সৌভাগ্যবান পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আফরান নিশো, তমা মির্জা, কেয়া পায়েল ও শাম্মী ইসলাম নীলা।

পুরস্কার জেতা ২৪ জ‌নের ম‌ধ্যে ২১ জনই উপস্থিত ছিলেন। অনুপস্থিত তিনজনের পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে।

মোটরবাইক পেয়েছেন রাজশাহীর বাসিন্দা রেহেনা খাতুন। মেয়েকে সঙ্গে নিয়ে প্রথম আলো কার্যালয়ে হাজির হয়েছিলেন তিনি। পুরস্কারপ্রাপ্তির খবরটি তিনিও প্রথমে বিশ্বাস করতে পারেনি। ভেবেছিলেন, প্রতারক চক্রের ফোন। পরে একজন সাংবাদিকের সঙ্গে কথা বলে নিশ্চিত হন। মোটরবাইক পেয়ে উচ্ছ্বসিত রেহেনা খাতুন বলেন, ‘পুরস্কার পাব, এটা ভাবিনি। পুরস্কার পেয়ে ইন্সপায়ার হলাম।’ দেখা গেছে, বেশির ভাগ মোটরবাইকই পেয়েছেন নারীরা।

নন্দালাপুরের বাসিন্দা তায়েবাও মোটরবাইক পেয়েছেন। পুরস্কার নিতে গেলে তাঁকে জিজ্ঞাসা করা হয়, কার কাছ থেকে পুরস্কার নেবেন? তিনি তমা মির্জার নাম বলেন। পরে তমা মির্জার কাছ থেকে পুরস্কার নেন।

কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তানভীর মাহমুদ পেয়েছেন টিভি। আফরান নিশো তাঁকে জিজ্ঞাসা করেন, কার ঘরে টিভি থাকবে? তানভীরের উত্তর, ‘আমার রুমে।’

আরেক বিজয়ী নাজির উল্লা বলেন, তাঁর প্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো। তাঁকেই ভোট দিয়েছিলেন। নিশোর সঙ্গে করমর্দনও করেন তিনি।

পুরস্কার বিতরণী আয়োজনে বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, আফরান নিশো, তমা মির্জা, শাম্মী ইসলাম নীলা ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মার্কেটিং বিভাগের হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ মো. ফেরদৌসুল ইসলাম। আয়োজনটি সঞ্চালনা করেন প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল।

পুরস্কার বিতরণ শেষে শিল্পীদের সঙ্গে বিজয়ীরা ছবি তোলেন।

Your experience on this site will be improved by allowing cookies.