নতুন কাজ ‘অ্যানি’ নিয়ে ফিরলেন সাদ

John Smith | আপডেট: ৭ মে ২০২৬, ১০:৪২ দুপুর

আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও নাজিফা তুষি | ছবি: কোলাজ

পাঁচ বছর বিরতির পর নতুন কাজ নিয়ে ফিরলেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। বিশ্বের অন্যতম প্রভাবশালী সিরিজকেন্দ্রিক উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে তাঁর সিরিজ ‘অ্যানি’। নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। জার্মানির কোলনে অনুষ্ঠেয় উৎসবে আগামী ৯ জুন মিনি সিরিজটির প্রদর্শনী হবে।

এ অর্জন দেশের নির্মাতাদের জন্য নতুন এক সম্ভাবনার দুয়ার খুলবে মনে করেন সিরিজের অন্যতম প্রযোজক এহসানুল হক। তিনি বলেন, ‘ফেস্টিভ্যালের মাধ্যমেও একটি সিরিজকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানো সম্ভব। ‘অ্যানি’র মাধ্যমে আমরা সেই সম্ভাবনার একটি উদাহরণ তৈরি করতে চেয়েছি।’
‘সেরিয়েনক্যাম্প’ মূলত সিরিজের জন্য নিবেদিত একটি এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল। সিরিজকেন্দ্রিক ইউরোপের অন্যতম প্রভাবশালী এই উৎসবটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নির্মাতা, প্রযোজক ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত সিরিজ প্রদর্শন ছাড়াও শিল্পসংশ্লিষ্ট আলোচনা, কর্মশালা ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন সহযোগিতার সুযোগও তৈরি করে এ উৎসব।

prothomalo-bangla%2F2026-04-17%2Ff5g68kr2%2F699d36af-ab61-4a47-b769-6dd955448fea.jpg?w=1536&auto=format%2Ccompress&fmt=webp

নাজিফা তুষি | শিল্পীর সৌজন্যে

‘অ্যানি’ ডিস্টোপিয়া ঘরানার সিরিজ। ছোট এক শহরের নার্স অ্যানি, একা হাতে পাঁচ ভাইবোনকে বড় করার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই অদ্ভুত একটি অসুখে পড়ে পৃথিবী। এই অসুখে সংক্রমিত পুরুষেরা নারীদের প্রতি এক নিয়ন্ত্রণহীন ঘৃণায় উন্মত্ত হয়ে ওঠে। এই ‘হেইট প্যান্ডেমিক’-এর মধ্যেই এক রাতে অ্যানির ওপর নৃশংস হামলা চালায় এক মুখোশধারী। অ্যানিকে চিরতরে বদলে দেয় এই সহিংসতা। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা সব ঘৃণার সঙ্গে লড়তে লড়তে একসময় সে প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পায় না। অ্যানির মতো জটিল একটা চরিত্রের চোখ দিয়ে দেখা গল্পটি নির্মাণধারায় একটি ‘চেম্বার ড্রামা’। সাদের অন্য সব কাজের মতোই এটি নারী-পুরুষ সম্পর্কের ভেতরের অবিশ্বাস, অসমতা আর সহিংসতা নিয়ে প্রশ্ন তোলে।

সিরিজের কাজ করা অভিজ্ঞতা নিয়ে অভিনেতা ইয়াশ রোহান বুধবার সন্ধ্যায় ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘একজন অভিনেতার জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন কোনো একটি কাজ এবং একজন পরিচালক  শুধু অভিনেতা হিসেবে নয়, মানুষ হিসেবেও আপনাকে ভেতর থেকে বদলে দেয়। “অ্যানি” ছিল আমার জীবনের তেমনই একটি অভিজ্ঞতা।’

সিরিজে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু। ‘মেট্রোভিডিও’, ‘ক্যাটালগ’, ‘জিরেল’ ও ‘অডেশাস অরিজিনালস’–এর ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন প্রযোজক এহসানুল হক, আলী আফজাল, সহপ্রযোজক শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, তানভীর হোসেন, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম, রায়হান সিকদার। নির্বাহী প্রযোজক অপূর্বা বকশি। সিরিজের সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন তামিজুল, সাউন্ড ডিজাইন ও মিক্সিংয়ে শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রায়, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিয়াম সামস্, অ্যাসোসিয়েট প্রোডিউসার মাহমুদুল হাসান সজীব এবং কাস্টিং ডিরেক্টর ইয়াসির আল হক।

prothomalo-bangla%2F2021-07%2Fd93e6d5c-95c7-44a3-a4e7-104b12503ec6%2F367997_01_02.jpg?w=1536&auto=format%2Ccompress&fmt=webp

আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ছবি: এএফপি

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘লাইভ ফ্রম ঢাকা’ ছিল আবদুল্লাহ মোহাম্মাদ সাদের প্রথম চলচ্চিত্র। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও সেরা অভিনেতার পুরস্কার জেতা ছবিটি রটারডাম ও লোকার্নোর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসবে দেখানো হয়েছে। এরপর ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’য় জায়গা করে নেয় তাঁর দ্বিতীয় ছবি রেহানা মরিয়ম নূর। কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে এটিই ছিল বাংলাদেশের প্রথম কোনো চলচ্চিত্র। এ ছাড়া বিশ্বজুড়ে ১৫টির অধিক আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছিল সাদের এই নির্মাণ।

Your experience on this site will be improved by allowing cookies.