নিষিদ্ধ ছাত্রলীগের হল কমিটি গঠনের বিজ্ঞপ্তি, মধ্যরাতে ছাত্রদলের বিক্ষোভ

আহমেদ ফারুক | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩২ সকাল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের তিনটি আবাসিক হলে কমিটি গঠনের জন্য নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অজ্ঞাত স্থান থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তির প্রতিবাদে গতকাল শনিবার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ছাত্রদলের নেতা–কর্মীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কয়েকটি ফেসবুক গ্রুপ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানের স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জরুরি সিদ্ধান্ত অনুযায়ী শাবিপ্রবি ছাত্রলীগ ছাত্রদের তিনটি আবাসিক হলের কমিটি গঠন করতে চায়। এ জন্য পদপ্রত্যাশীদের ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে সমালোচনা শুরু হয়। এর প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদল। সংগঠনের সভাপতি রাহাত জামানের নেতৃত্বে মিছিলটি ছেলেদের তিনটি আবাসিক হল প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নতুন করে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। আবাসিক হলের কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ তারই অংশ। ছাত্রদল ক্যাম্পাসে থাকা অবস্থায় ছাত্রলীগের মতো সংগঠনের কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না।

শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন কমিটি গঠনের উদ্যোগ প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের প্রতি চ্যালেঞ্জ। এ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Your experience on this site will be improved by allowing cookies.