নির্বাচনে সূক্ষ্ম কারচুপির পরেও জামায়াত সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে: গোলাম পরওয়ার

John Smith | আপডেট: ৩ মার্চ ২০২৬, ১:০১ দুপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘সূক্ষ্ম কারচুপি’ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, নির্বাচনে সূক্ষ্ম কারচুপির পরেও জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ফলাফল মেনে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, জামায়াতে ইসলামী সংঘাত-সহিংসতা চায় না।

সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়েজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এ কথা বলেন। এ সময় তিনি উপস্থিত আইনজীবীদের উদ্দেশে জাকাত ও রমজানের তাৎপর্য তুলে ধরে যথাযথভাবে হিসাব করে জাকাত পরিশোধের আহ্বান জানান।

আলোচনায় গোলাম পরওয়ার আরও বলেন, নির্বাচন–পরবর্তী সরকারদলীয় নেতা–কর্মীরা সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের ‘টার্গেট’ করে হামলা চালাচ্ছেন। জামায়াতের নেতা–কর্মীদের এমনকি ভোটারদেরও বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ চালিয়ে আসছে। এত সহিংসতার পরও জামায়াতে ইসলামী পাল্টা জবাব না দিয়ে সংযত থেকে সরকারকে বারবার সহিংসতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ বলেন, ‘বাংলাদেশ এক অন্ধকার অধ্যায় পেরিয়ে এসেছে। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে বিচারাঙ্গনে এমন বিপর্যয় পৃথিবীর আর কোথায় হয়েছে বলে আমাদের জানা নেই।’

মতিউর রহমান আকন্দ আরও বলেন, ‘আমরা যদি একটি সভ্য জাতিতে রূপান্তরিত হতে চাই, তবে অবশ্যই আমাদের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যেই দেশগুলো উন্নত এবং সভ্য, সেই দেশগুলোতে আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত রয়েছে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া কোনো রাষ্ট্রকে সভ্য এবং উন্নত রাষ্ট্র বলা যায় না।’

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি জসীম উদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য আহমদ বিন কাসেম আরমান, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট বার ইউনিট সভাপতি গিয়াস উদ্দিন, লইয়ার্স কাউন্সিলের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি গোলাম রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় সহসম্পাদক আবুল বাতেনসহ অনেকে।

Your experience on this site will be improved by allowing cookies.