নায়িকাদের পাশে নিয়ে ‘প্রিন্স’ দেখলেন শাকিব, দুঃখ প্রকাশ করলেন

John Smith | আপডেট: ২ এপ্রিল ২০২৬, ৯:৫৬ সকাল

দুই নায়িকাকে পাশে নিয়ে নিজের নতুন সিনেমা ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ দেখলেন শাকিব খান—তারপরই এল স্বীকারোক্তি, আক্ষেপ আর দুঃখপ্রকাশের ঘটনা। ঈদের অন্যতম সিনেমা ‘প্রিন্স’ ঘিরে দর্শকের প্রত্যাশা আর বাস্তবতার ফারাক নিয়ে এবার খোলামেলা কথা বললেন ঢালিউডের এই শীর্ষ তারকা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান। সঙ্গে ছিলেন সিনেমার দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ, পরিচালক আবু হায়াত মাহমুদ ও অন্য কলাকুশলীরা। ‘প্রিন্স’ সিনেমা দেখার পর আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায় স্বীকার করেন তিনি।

prothomalo-bangla%2F2026-04-01%2Fars425u2%2FPRINCE_SK_31_1140x750.jpg?w=622&auto=format%2Ccompress&fmt=avif

 

শাকিব খান বলেন, ‘আমি ৩০টির বেশি গল্প শুনে একটি গল্প পছন্দ করি। বলতে গেলে, সারা বছরই গল্প শুনি। এরপর একটি গল্প পছন্দ করি। কিন্তু ‘প্রিন্স’-এ যেটা হয়েছে, সেটা ভিন্ন। আমরা তিন মাস ভারতে কাজের অনুমতি পাইনি। এরপর যা হয়েছে, সেটা আরও ভয়াবহ। যেখানে আমাদের সিনেমার সেট ফেলা হয়েছিল সেটা ভেঙে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানেও অনেক সময় চলে গেছে। ফলে ঈদের আগের দিন পর্যন্ত আমাদের কাজ করতে হয়েছে। যার কারণে সময়ের অভাবে অনেক ত্রুটি থেকে গেছে। হায়াত মাহমুদ অনেক ভালো ও মেধাবী একজন নির্মাতা। আমরা যদি উপযুক্ত সময় পেতাম তাহলে ভালো কিছু হতো।’

শাকিব খান বলেন, ‘আমার জীবনে এই প্রথম ঈদের সিনেমার শুটিং ঈদের আগের দিন পর্যন্ত করেছি।। তাসনিয়া ফারিণের সঙ্গে আইটেম গানের শুটিং ঈদের আগেই করেছি। এ ছাড়া ‘পরী’ গানের শুটিং একদিনে শেষ করেছি। এগুলো হয়েছে শুধু সময়স্বল্পতার কারণে।

prothomalo-bangla%2F2026-04-01%2Fd0401q4t%2FCINEMA_FILM.jpg?w=622&auto=format%2Ccompress&fmt=avif

প্রযুক্তিগত দুর্বলতার কথাও স্বীকার করেন শাকিব। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্সে ঘাটতির কথা উল্লেখ করে বলেন, ‘মুক্তির পর প্রথম পাঁচ দিন মাল্টিপ্লেক্সে সিনেমাটি চলেনি, যা বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে। কিন্তু এই পাঁচ দিন সবচেয়ে ভালো কোনো সিনেমা ছিল। বলতে গেলে প্রায় কোনোটাই ছিল না। তার মানে, আমাদের বড় সিনেমা দরকার।’

নায়িকা তাসনিয়া ফারিণও একই সুরে বলেন, এই সিনেমায় যুক্ত হওয়ার পর আমার প্রত্যাশার জায়গাটা অনেক বেশি ছিল। কিন্তু কাজ করতে গিয়ে সময় বা সবকিছু মিলে প্রত্যাশাটা সে রকমভাবে পূরণ হয়নি। তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করি, ভবিষ্যতে সুযোগ পেলে ভালো করে দেখাতে পারব।’ পরিচালক আবু হায়াত মাহমুদ অবশ্য ইতিবাচক দিকও তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রিন্স যথাসময়ে এসেছে। নানা জটিলতায় হয়তো পাঁচ দিন সিনেপ্লেক্সে চলেনি। কিন্তু যেদিন থেকে সিনেপ্লেক্সে প্রিন্স এসেছে সেদিন থেকেই সর্বোচ্চ শো নিয়ে চলছে। সিনেমাটি দেখার পর থেকেই দর্শক বলেছে ‘প্রিন্স ২’ চাই। সময় হলে আমরা এটির ঘোষণা দেব।’

prothomalo-bangla%2F2026-03-28%2F2y37leg0%2Ftheshakibkhan1734544138352593425117717230913067111457.webp?w=622&auto=format%2Ccompress&fmt=avif

ঈদে ১৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ শুরু থেকেই ছিল আলোচনায়। বড় বাজেট, আন্তর্জাতিক টিম ও প্রযুক্তির ব্যবহারের ঘোষণায় প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু মুক্তির পর সেই প্রত্যাশা পূরণ হয়নি—এমনটাই মত দর্শকদের একটি বড় অংশের।
তারকাখচিত আয়োজন, বড় বাজেট আর উচ্চাভিলাষী পরিকল্পনা—সবকিছুর পরও ‘প্রিন্স’ হয়ে উঠতে পারেনি প্রত্যাশার প্রতিচ্ছবি। তবে ব্যর্থতা স্বীকার করে সামনে এগোনোর ইঙ্গিত দিয়েছেন শাকিব খান। এখন দেখার বিষয়, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সিনেমায় কতটা বদলে যেতে পারেন তিনি ও তাঁর দল।

Your experience on this site will be improved by allowing cookies.