কুমিল্লার নিমসার বাজারে মহাসড়কের পাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

John Smith | আপডেট: ৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ দুপুর

কুমিল্লার নিমসার বাজারে মহাসড়কের পাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ। গতকাল সোমবার

দেশের অন্যতম বৃহৎ কাঁচাবাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারের বুক চিরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বছরের পর বছর ধরে এই বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণ করা জমি দখল করে গড়ে ওঠে অবৈধ স্থাপনা। বাজারজুড়ে সওজের জমিতে নির্মিত হয়েছিল চার শতাধিক দোকানঘর। মোটা অঙ্কের অগ্রিম নিয়ে প্রতি মাসে এসব দোকান থেকে ভাড়া তুলেছেন প্রভাবশালী ব্যক্তিরা।

২০২৪ সালের ৮ নভেম্বর বাজারটি সম্পূর্ণ দখলমুক্ত করেছিল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। তবে উচ্ছেদের কিছুদিন পরই আগের চেয়ে বেশি মাত্রায় পুনরায় দখল হয়ে যায় সওজের সম্পত্তি। অবশেষে আবারও দখলমুক্ত করা হয়েছে নিমসার বাজার। উচ্ছেদ করা হয়েছে চার শতাধিক অবৈধ স্থাপনা।

গতকাল সোমবার সকালে শুরু হওয়া উচ্ছেদ অভিযান চলে বিকেল পর্যন্ত। এতে অংশ নেন সওজ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। অভিযানে সহায়তা করে হাইওয়ে পুলিশ, থানা–পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা। আবারও বাজারটি সম্পূর্ণ দখলমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সওজ অধিদপ্তর কুমিল্লা সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিয়ন্ত্রণে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো অপসারণের জন্য আগে থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরানো না হওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় সোমবার জেলা ও বুড়িচং উপজেলা প্রশাসনের সহায়তায় সওজের কর্মকর্তারা তিনটি এক্সক্যাভেটর নিয়ে নিমসার বাজারের সড়কের দুই পাশে অভিযান চালান। এ সময় মহাসড়কের দুই পাশ থেকে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে থাকা সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা বলেন, ‘মহাসড়কের এ অংশ যানজটমুক্ত করতে এবং দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অবৈধ দখলদারেরা সে নোটিশের তোয়াক্কা না করেই তাদের দখলদারত্ব বজায় রাখে। তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিমসার বাজারের দুই পাশে গড়ে ওঠা চার শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদারেরা যেন পুনরায় এখানে স্থাপনা করতে না পারে, সে জন্য প্রশাসন, হাইওয়ে পুলিশসহ আমরা তদারক করব। শুধু মহাসড়কের নিমসার বাজারই নয়, অন্যান্য স্থানেও যেসব অবৈধ স্থাপনা রয়েছে, পর্যায়ক্রমে সেগুলোও উচ্ছেদ করা হবে।’

নিমসার বাজারের অন্তত পাঁচজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, এ বাজারে প্রতিটি দোকানের বিপরীতে আগাম নেওয়া হয়েছে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। মাসিক ভাড়া ছিল ৩ হাজার থেকে ৩০ হাজার টাকা। মহাসড়কের দুই পাশে টিন দিয়ে নির্মিত সব দোকানঘরই দখল করে তৈরি করা হয়েছিল। সওজের সম্পত্তিতে দোকান তুলে পুরো বাজার থেকে প্রভাবশালী একটি সিন্ডিকেট মাসে ২৫-৩০ লাখ টাকা ভাড়া তুলত।

Your experience on this site will be improved by allowing cookies.