ঘটনার পর হামলাকারী কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন পথচারীরা। নিহত ময়জুল (১৬) কারওয়ান বাজারে থাকত এবং কাগজ কুড়িয়ে তা বিক্রি করে জীবিকা চালাত।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটার দিকে ভাঙা কাচ দিয়ে ময়জুলের ঘাড়ের পেছনে আঘাত করা হয়। এতে ময়জুল রাস্তায় লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফজলুল করিম আরও বলেন, ময়জুলকে হামলার ঘটনায় এক কিশোরকে আটক করে তেজগাঁও থানায় সোপর্দ করেছেন পথচারীরা। কিশোরের মা-বাবা বা স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
ময়জুলকে হাসপাতালে নিয়ে যাওয়া পথশিশু মরিয়ম বেগম জানায়, ময়জুলের মা-বাবার কোনো খোঁজ নেই।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা প্রথম আলোকে বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে তেজগাঁও থানায় হত্যা মামলা করা হবে।