জামিন পেলেন ভোলায় গ্রেপ্তার জামায়াতের নারী কর্মী বিবি সওদা

John Smith | আপডেট: ৭ এপ্রিল ২০২৬, ৫:২০ বিকাল

কোর্টহাজত থেকে বের হওয়ার সময় সওদা বেগমকে জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। আজ মঙ্গলবার

ভোলার জামায়াতের নারী কর্মী বিবি সওদা বেগমকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায়ের (মিঠু) আদালতে তাঁর জামিন মঞ্জুর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা আদালত পুলিশ পরিদর্শক শেখ মো. নাছির উদ্দিন এবং জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল কাজী মো. হারুন অর রশিদ।

কোর্টহাজত থেকে বের হওয়ার সময় সওদা বেগমকে জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জামায়াতের নেতা–কর্মীরা স্লোগান দেন। তাঁর জামিন না হলে, আজ বিকেল সাড়ে ৪টায় ভোলা শহরে বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল। তবে সেই কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানান জামায়াত সেক্রেটারি।

জামিন পাওয়ার পর জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে রোববার রাতে ভোলা পৌরসভার নিজ বাসা থেকে বিবি সওদা বেগমকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় সোমবার বিকেলে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা। লিখিত বক্তব্যে জানানো হয়, ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের যমযম টাওয়ারের বাসা থেকে রাত ১০টা ৪৫ মিনিটে তাঁকে আটক করা হয়। দলের নেতারা অভিযোগ করেন, মতপ্রকাশের কারণে কাউকে আটক করা গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ। তাঁরা দাবি করেন, সুস্পষ্ট প্রমাণ ছাড়াই একজন নারী কর্মীকে আটক করা হয়েছে।

Your experience on this site will be improved by allowing cookies.