দুই বছর পর চাঁদপুরের সেলিম খান ও তাঁর ছেলের লাশ তোলার নির্দেশ

আহমেদ ফারুক | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫১ দুপুর

জুলাই গণ-অভ্যুত্থানকালে জনতার পিটুনিতে মারা যাওয়া চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের লাশ কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। দাফনের দুই বছর পর ময়নাতদন্ত করার জন্য সম্প্রতি আদালত এ আদেশ দেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, আদালতের নির্দেশনার পর লাশ দুটি কবর থেকে তোলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসক ইতিমধ্যে আবেদন মঞ্জুর করেছেন। তবে কবে নাগাদ লাশ দুটি তোলা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

সেলিম খান সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী ছিলেন সেলিম। তাঁর ছেলে শান্ত খান একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বিগত সরকারের আমলে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হন সেলিম খান। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ ঘিরে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগে তাঁর নাম উঠে এসেছিল। দেশজুড়ে তখন তিনি ‘বালুখেকো চেয়ারম্যান’ হিসেবে পরিচিতি পান। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা ছাড়াও রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা চলমান ছিল। এসব ঘটনায় তিনি জেলও খেটেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করেন সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান। পরে জনতার পিটুনিতে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই সম্প্রতি আদালত কবর থেকে লাশ দুটি তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।

Your experience on this site will be improved by allowing cookies.