ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: প্রধানমন্ত্রী

Lorine Spinka | আপডেট: ১২ মার্চ ২০২৬, ১২:৫৩ দুপুর

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার। আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এরপর একই বিষয়ে পৃথক ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায় উল্লেখ করে বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এরই পরিপ্রেক্ষিতে আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার ১৪ মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে।’

প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যসহ সর্বস্তরের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যাঁর যাঁর এলাকার নিজ নিজ বসতবাড়ি এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে আসন্ন দিনে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদের রক্ষা করতে সম্ভব হবে ইনশা আল্লাহ।’

‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’—বিএনপির সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি বলে বার্তায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, ‘আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।’

Your experience on this site will be improved by allowing cookies.