সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড সূর্যবংশীর

Lorine Spinka | আপডেট: ২৭ জুলাই ২০২৬, ১০:০৭ দুপুর

৮১ রান করার পথে বৈভব সূর্যবংশী | বিসিসিআই

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটা ভাঙি ভাঙি করেও রোববার ভাঙতে পারেননি বৈভব সূর্যবংশী। অসাধারণ এক ক্যাচ নিয়ে সূর্যবংশীকে রেকর্ডটা করতে দেননি ব্র্যাড ইভান্স। তবে ভারত-জিম্বাবুয়ে তৃতীয় টি-টুয়েন্টি শেষে আরেকটা বিশ্ব রেকর্ড ধরা দিয়েছে ভারতীয় বিস্ময়-বালককে।

রেকর্ডটা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দুটি ফিফটিতে ১৫১ রান করেছেন সূর্যবংশী। সেটিও মাত্র ৭৭ বলে। সিরিজে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের হাতেই উঠেছে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। সুর্যবংশী ভারতের জার্সিতে দ্বিতীয় সিরিজেই সেরার সম্মান পেলেন ১৫ বছর ১২১ দিন বয়সে। আফগান স্পিনার মুজিব উর রেহমানের রেকর্ড ভাঙলেন আন্তর্জাতিক ক্রিকেট  ইতিহাসের কনিষ্ঠতম হাফ সেঞ্চুরিয়ান। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ওয়ানডেতে ১৬ বছর ৩২৫ দিন বয়সে সিরিজসেরা হয়েছিলেন মুজিব।

৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী। এই সিরিজের প্রথম ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটি করার রেকর্ড গড়েছিলেন।

সবচেয়ে কম বয়সে সিরিজসেরা
১৫ বছর ১২১ দিন    বৈভব সূর্যবংশী    ভারত
১৬ বছর ৩২৮ দিন    মুজিব উর রেহমান    আফগানিস্তান
১৮ বছর ১৮০ দিন    রশিদ খান    আফগানিস্তান
১৮ বছর ২০৫ দিন    শচীন টেন্ডুলকার    ভারত
১৮ বছর ৩৫০ দিন    ওয়াকার ইউনিস    পাকিস্তান

সিরিজসেরার মতো আজই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ম্যাচসেরাও হয়েছেন সূর্যবংশী। তবে রেকর্ড হয়নি। সূর্যবংশীর চেয়ে কম বয়সে ম্যাচসেরা অবশ্য একজনই হয়েছেন। ২০২২ সালে ক্যামেরুনের বিপক্ষে ১৫ বছর ৭৪ দিন বয়সে ম্যাচসেরা হন সিয়েরা লিওনের আলুসিনে তুরে।

Your experience on this site will be improved by allowing cookies.