যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব ও বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডাররা নিহত হয়েছেন। তবে গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের আগ্রাসন শুরুর পর ইরানের বর্তমান শাসনব্যবস্থা এখনো তাদের রণকৌশল প্রণয়ন ও কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা বজায় রেখেছে।
১৯৭৯ সালের বিপ্লব থেকে জন্ম নেওয়া ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি জটিল ও স্তরভিত্তিক শাসনকাঠামো গড়ে তুলেছে। নির্দিষ্ট কিছু ব্যক্তির ওপর নির্ভর না করে বরং ধর্মতাত্ত্বিক এই শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখার লক্ষ্যেই তাদের সব প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে কাজ করে।
ইরানের ক্ষতবিক্ষত কিন্তু অবিচল এই ক্ষমতার স্তরে এখন কারা প্রভাব বিস্তার করছেন, সেটা নিয়ে আলোচনা করা যাক।
সর্বোচ্চ নেতাই কি সব নিয়ন্ত্রণ করছেন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের শুরুর দিকের হামলায় ইরানের প্রবীণ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা এই নেতার প্রতি পুরো ব্যবস্থার নিরঙ্কুশ আনুগত্য ছিল এবং সব বড় সিদ্ধান্তে শেষ কথাটি তিনিই বলতেন।
ইরানের রাষ্ট্রীয় আদর্শ ‘বেলায়াত-ই ফকিহ’ বা ‘ইসলামি আইনবিদের শাসন’ অনুযায়ী, সর্বোচ্চ নেতা হলেন একজন বিজ্ঞ আলেম। তিনি শিয়া ইসলামের নবম শতাব্দীতে অন্তর্হিত হওয়া ‘দ্বাদশ ইমাম’-এর প্রতিনিধি হিসেবে পার্থিব ক্ষমতা পরিচালনা করেন।
সর্বোচ্চ নেতার দপ্তর ‘বাইত’ নামে পরিচিত। এখানকার বিশাল জনবল ইরান সরকারের প্রতিটি স্তরের ওপর ছায়ার মতো নজর রাখে। এর ফলে সর্বোচ্চ নেতা সরাসরি আমলাতান্ত্রিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার সুযোগ পান।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিফাইল ছবি: রয়টার্স
নতুন নেতা হিসেবে মোজতবা আলী খামেনি তাঁর বাবার উত্তরাধিকার ও ব্যাপক আনুষ্ঠানিক ক্ষমতা লাভ করেছেন। তবে তাঁর বাবার মতো প্রশ্নাতীত কর্তৃত্ব মোজতবার নেই। বিপ্লবী গার্ড বাহিনীর পছন্দের ব্যক্তি হওয়ায় তিনি হয়তো এই কট্টরপন্থী সামরিক বাহিনীর কাছে দায়বদ্ধ।
ইসরায়েলি হামলায় মোজতবা নিজেও আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁকে বর্তমান যুদ্ধের একজন ‘জানবাজ’ বা আহত যোদ্ধা হিসেবে অভিহিত করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ইরানিরা এখনো তাঁর কোনো ছবি বা ভিডিও দেখেনি। তিনি কেবল দুটি লিখিত বিবৃতি দিয়েছেন। এতে তাঁর শারীরিক অবস্থা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কতটা প্রভাবশালী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী
বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব কয়েক দশক ধরেই বৃদ্ধি পাচ্ছিল। তবে বর্তমান যুদ্ধ এবং আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ায় এই বাহিনী এখন কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগের চেয়েও বেশি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।
নেতৃত্বের শূন্যতা মোকাবিলায় বিপ্লবী গার্ড বাহিনীর বিশেষ একটি ‘মোজাইক’ বা বহুমুখী সাংগঠনিক কাঠামো রয়েছে। এ ব্যবস্থায় প্রতিটি কমান্ডারের বিকল্প উত্তরসূরি আগে থেকেই নির্ধারণ করা থাকে। ফলে যুদ্ধের ময়দানে প্রতিটি ইউনিট নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করতে সক্ষম।
গত এক বছরে অনেক শীর্ষ কমান্ডার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত হলেও তাঁদের জায়গায় দ্রুত অন্য অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। মূলত ১৯৮০-৮৮ সালের ইরাক যুদ্ধের দীর্ঘ অভিজ্ঞতা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে কয়েক দশকের সম্পৃক্ততা এই বাহিনীকে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার শক্তি জুগিয়েছে।