শাপলা চত্বরে হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জামায়াতের

John Smith | আপডেট: ৬ মে ২০২৬, ১২:৫৯ দুপুর

শাপলা চত্বরে হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জামায়াতের

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে দলটি।

আজ মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে জামায়াতের আমির বলেন, দেশের ইতিহাসে এটি একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। সেদিন ধর্মপ্রাণ তাওহিদি জনতার ওপর যে নির্মম অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই নারকীয় হত্যাকাণ্ড মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী একটি জঘন্যতম ঘটনা। একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে কাম্য হতে পারে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এখনো সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশের জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

দোষীদের শাস্তির দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সেই অধিকারকে দমন করতে শক্তি প্রয়োগ এবং প্রাণহানির ঘটনা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।

সবশেষে জামায়াত আমির দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Your experience on this site will be improved by allowing cookies.