পল্লী বিদ্যুতের মিটার রিডার পদের কাজ কী, ১৪৬০ পদে আবেদনের বাকি ২ দিন

আহমেদ ফারুক | আপডেট: ২০ জুলাই ২০২৬, ৪:০৫ দুপুর

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। আগ্রহী প্রার্থীরা ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এই নিয়োগে মোট ১ হাজার ৪৬০টি পদে (কমবেশি) জনবল নেওয়া হবে।

মিটার রিডার কাম মেসেঞ্জার পদের কাজ কী

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সূত্রে জানা গেছে, মিটার রিডার কাম মেসেঞ্জার মূলত মাঠভিত্তিক একটি পদ। এই পদের কর্মীরা নির্ধারিত এলাকায় গিয়ে গ্রাহকদের মিটার থেকে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণের রিডিং সংগ্রহ করেন এবং তা সঠিকভাবে রেকর্ড করে বিলিং ব্যবস্থায় জমা দেন। ফলে গ্রাহকের সঠিক বিল প্রস্তুত করা সম্ভব হয়।

এ ছাড়া তাঁদের আরও যেসব দায়িত্ব পালন করতে হয়, সেগুলো হলো—

১. গ্রাহকের মিটার রিডিং নিয়মিত সংগ্রহ ও রেকর্ড করা

২. রিডিং তথ্য বিলিং সিস্টেমে জমা দেওয়া

৩. মিটার নষ্ট, সিল ভাঙা বা অবৈধ সংযোগ শনাক্ত করে কর্তৃপক্ষকে জানানো

৪. অস্বাভাবিক বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে প্রতিবেদন দেওয়া

৫. গ্রাহকদের বিল ও মিটার–সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রদান করা

৬. বকেয়া বিল আদায় ও গ্রাহক মোটিভেশনের কাজ করা

৭. দাপ্তরিক চিঠিপত্র, নোটিশ বিতরণ করাসহ নানা কাজ।

কাজটি যেহেতু গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়েও করতে হয়, তাই প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকা বাধ্যতামূলক।

চাকরির বিবরণ—

পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার

পদসংখ্যা: ১ হাজার ৪৬০ (কমবেশি)

নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—

এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।

প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।

বেতন-ভাতা—

১৪,৭০০ টাকা।

বয়সসীমা—

১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম—

এই ঠিকানায় অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি—

২২৩ টাকা।

আবেদনের শেষ তারিখ—

২১ জুলাই ২০২৬, বিকেল ৫টা।

নির্দেশনা—

১. চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা প্রদান করতে হবে।

২. ১৪ মে ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যেসব প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

Your experience on this site will be improved by allowing cookies.