মিরপুরের তিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এনসিপির গাছের চারা বিতরণ

John Smith | আপডেট: ৮ জুন ২০২৬, ৫:৫২ বিকাল

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের একটি বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ৭ জুন ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চার শতাধিক গাছের চারা বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আসন্ন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়েছে।

পরিবেশ দিবস উপলক্ষে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মিরপুর বাংলা উচ্চবিদ্যালয়, আদর্শ গার্লস স্কুল ও মিরপুর ডেভেলপমেন্ট কমিটি (এমডিসি) স্কুলে এসব গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় ডিএনসিসি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী ও দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের বিনা মূল্যে গাছের চারা দেওয়া হলে পরিবেশ, প্রকৃতি ও সুনাগরিকের দায়িত্ব সম্পর্কে তারা সচেতন হয়ে উঠবে।

গত শনিবার এনসিপি কার্যালয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। চলতি সপ্তাহজুড়ে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন বিদ্যালয়ে বিপুলসংখ্যক গাছের চারা বিতরণের এই কর্মসূচি চলবে বলে জানানো হয়।

এই চারা বিতরণ কর্মসূচিতে অন্যদের মধ্যে এনসিপি নেতা আবদুল্লাহ মনসুর, ইমরান নাঈম, রানা খান, রেহানা রুমা, তাহমীনা যুথি, ঝুম্মারী শিপা প্রমুখ উপস্থিত ছিলেন।

Your experience on this site will be improved by allowing cookies.