লিমন–বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

John Smith | আপডেট: ৬ মে ২০২৬, ১২:৫৩ দুপুর

জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি ~ ছবি: ফেসবুক থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। লিমন ও বৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮–এর প্রতিবেদনে বলা হয়, ৮ মে স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় পরদিন শনিবার) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে লিমন ও বৃষ্টিকে এই ডিগ্রি দেওয়া হবে।

সমাবর্তনে লিমন ও বৃষ্টির সম্মানে দুটি চেয়ার খালি রাখা হবে। শোক জানাতে পালন করা হবে এক মিনিটের নীরবতা। এসব তথ্য জানায় টাম্পা বে ২৮।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফ্লোরিডার মায়ামির বাংলাদেশ কনস্যুলেটে চিঠি দিয়ে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

জামিল (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নাহিদা (২৭) পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। গত ১৬ এপ্রিল তাঁরা নিখোঁজ হন। তাঁদের একজন বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। পরে পুলিশ নিশ্চিত করে, দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Your experience on this site will be improved by allowing cookies.