বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দলে থাকা কে এই আব্বাস

John Smith | আপডেট: ১ এপ্রিল ২০২৬, ৯:৪০ সকাল

বয়স ২২। ডানহাতি ব্যাটসম্যান। ব্যাটিং করেন মিডল অর্ডারে। বল করেন বাঁ হাতে। বাঁহাতি মিডিয়াম পেসার। নাম মোহাম্মদ আব্বাস। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এই অলরাউন্ডার। কে এই মুহাম্মদ আব্বাস?

আব্বাস একেবারে নতুন কেউ নন। গত বছর মার্চ–এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে এই অলরাউন্ডারের। অভিষেক ম্যাচেই ২৪ বলে করেন ফিফটি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪১, পরের ম্যাচে ১১। এই সিরিজের পর আর নিউজিল্যান্ডের হয়ে খেলা হয়নি তাঁর।  

পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া আব্বাসের জন্মও পাকিস্তানেই, লাহোরে। তাঁর বাবা আজহার আব্বাস পাকিস্তানে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। এরপর নিউজিল্যান্ডে পাড়ি জমানোর পর খেলেছেন ওয়েলিংটন ও অকল্যান্ডের হয়েও।

সব মিলিয়ে তাঁর আছে ৪৫টি প্রথম শ্রেণির ও ২২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা। বর্তমানে তিনি নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট দল ওয়েলিংটন ফায়ারবার্ডসের বোলিং কোচ।

আব্বাসের বেড়ে ওঠা অকল্যান্ডে। সেখানে কৈশোরের সময়টাতে শুধু ক্রিকেটই নয়, ফুটবলও খেলেছেন চুটিয়ে। স্কুলে খেলেছেন, অকল্যান্ডের নানা ক্লাবেও। তবে নিউজিল্যান্ড ক্রিকেট থেকে ডাক পাওয়ার পর তাঁকে কোনো একটা বেছে নিতেই হয়েছে। সেটা যে ক্রিকেট, তা বোধ হয় না বললেও চলছে।

১৮ বছর বয়সে আব্বাস ক্রিকেট ওয়েলিংটন থেকে সরাসরি খেলার প্রস্তাব পান। ছেলের কথা ভেবে তাঁর বাবাও তখন ওয়েলিংটনে চলে আসেন এবং সেখানকার সহকারী কোচের দায়িত্ব নেন।

আব্বাসকে তৈরি করতে নিউজিল্যান্ড ক্রিকেটের ভূমিকার কথা অভিষেকের সময় সবিস্তারে বলেছিলেন বাবা আজহার আব্বাস। সেটি এভাবে, ‘ক্রিকেট নিউজিল্যান্ড আব্বাসকে যেভাবে আগলে রেখেছে এবং তার জন্য যেসব সুযোগ-সুবিধা দিয়েছে, তা অবিশ্বাস্য। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। মাত্র ১৬ বছর বয়সেই আব্বাস তাদের ডেভেলপমেন্ট স্কোয়াডে সুযোগ পেয়ে গিয়েছিল।’

সব মিলিয়ে আব্বাস লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন ২৯টি। ৩০.০৭ গড়ে আব্বাস রান করেছেন ৭৮২, উইকেট পেয়েছেন ৯টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ২৭টি। ৬টি ফিফটির সঙ্গে সেঞ্চুরি আছে ২টি। গড় ৩১.৬২। উইকেট নিয়েছেন ১৯টি। ২০২২ সালে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার কথা ছিল আব্বাসের। তবে কোয়ারেন্টিন বাধ্যবাধকতায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় নিউজিল্যান্ড।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। শুধুই সাদা বলের এই সফর। ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি। ওয়ানডে দলে থাকলেও টি–টুয়েন্টি দলে জায়গা হয়নি আব্বাসের।

Your experience on this site will be improved by allowing cookies.