ইয়ামাল কি বাবা হচ্ছেন? হঠাৎ এই গুঞ্জন কেন

আহমেদ ফারুক | আপডেট: ৩০ জুলাই ২০২৬, ১২:০২ দুপুর

লামিনে ইয়ামাল আর গুঞ্জন চলে একই পথে! তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো না কোনো গুঞ্জন চলেই। কে তাঁর প্রেমিকা, তিনি কার প্রেমে মজেছেন—গুঞ্জনের বড় একটা অংশই অবশ্য এসব নিয়ে।

তবে এবার ছড়িয়েছে ভিন্ন এক খবর। শোনা যাচ্ছে, ১৯ বছর বয়সী ইয়ামাল নাকি বাবা হতে চলেছেন। এটা কতটুকু সত্য, কেন এই গুঞ্জন ছড়াল?

এমন খবর ছড়িয়েছে ইয়ামালের বর্তমান প্রেমিকা ইনেস গার্সিয়া নিজের টিকটক অ্যাকাউন্টে গর্ভধারণ সংক্রান্ত একটি ভিডিও রি-পোস্ট করেন। এর পর থেকেই সবার মধ্যে কৌতূহল তৈরি হয়।

কী ছিল সেই ভিডিওতে

ভিডিওটিতে গর্ভবতী নারীদের ছবি দেখানো হয়। এতে একটি আবেগঘন বার্তা ছিল, ‘অন্য একটি হৃদয়কে নিজের গর্ভে ধারণ করার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।’ এই পোস্ট দেখার পর ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে। অনেকে ভাবছেন, এটি কি কোনো ইঙ্গিত, নাকি ইনেস কেবল ভিডিওটি পছন্দ করে শেয়ার করেছেন।

প্রেগনেন্সি নিয়ে সত্যিটা কী

এখন পর্যন্ত লামিনে ইয়ামাল বা ইনেস গার্সিয়া কারোর পক্ষ থেকেই কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গ্রাউন্ড নিউজ ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামাল বাবা হচ্ছেন, এটা নিশ্চিত করে বলার মতো কোনো প্রমাণ নেই।

কে এই ইনেস গার্সিয়া

স্পেনের সেভিয়া শহরে জন্ম নেওয়া ইনেস গার্সিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। বর্তমানে টিকটকে তাঁর ৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে। আর ইনস্টাগ্রামে রয়েছে ১ লাখ ৫০ হাজারের বেশি অনুসারী। এসব প্ল্যাটফর্মে তিনি নিয়মিত বিভিন্ন পোশাকের সাজগোজ, নতুন ফ্যাশন ধারা, ভ্রমণ ও লাইফস্টাইল নিয়ে ভিডিও শেয়ার করেন।

ইয়ামালের সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্কের সূত্রপাত কীভাবে

সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়ার পর থেকেই তাঁদের মধ্যে যোগাযোগ শুরু হয়। তবে কিছুদিন আগে একটি ইন্টারনেট গুঞ্জন ছড়িয়েছিল—ইনেসের ব্যাংক কার্ড রিজেক্ট হওয়ার পর একটি স্টোরে ইয়ামালের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। ইনেস নিজেই এই কথাটি ভুয়া বলে উড়িয়ে দেন। তিনি জানান, সরাসরি সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের মাধ্যমেই তাঁদের সম্পর্ক গড়ে ওঠে এবং জনসমক্ষে আসার বেশ কয়েক মাস আগে থেকেই তাঁরা গোপনে প্রেম করছিলেন।

 

Your experience on this site will be improved by allowing cookies.