গতকাল কমার পর আজ বাড়ল সোনার দাম, ভরিতে ২,১৫৮ টাকা

John Smith | আপডেট: ৬ মে ২০২৬, ১২:৩২ দুপুর

বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় আজ বুধবার দেশের বাজারেও সোনার দাম বেড়েছে। ভরিপ্রতি সর্বোচ্চ দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা। আজ বুধবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সর্বশেষ গতকাল সোনার দাম কমানো হয়েছিল। এর আগেও একাধিকবার সোনার দাম কমানো হয়েছে। গতকাল দাম কমানো হয়েছিল ২ হাজার ১৫৮ টাকা। আজ দাম ঠিক সেই পরিমাণ বাড়ানো হলো।

সোনার নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

আজ সকালে মূল্যবৃদ্ধির আগপর্যন্ত সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

আজ সোনার দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। আজ সকাল পর্যন্ত দাম ছিল ৫ হাজার ৪৮২ টাকা।

২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশ বেড়েছে। ফলে চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সোনার দাম বাড়েনি; বরং কমেছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ১০২ ডলার কমেছে। সে কারণে সময়-সময় দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হচ্ছে।

তবে নিউইয়র্কের স্থানীয় সময় আজ বুধবার ইতিমধ্যে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৯২ ডলার বেড়েছে। গতকাল থেকেই মূল্যবৃদ্ধির এই ধারা শুরু হয়েছে। সে কারণে আজ দেশের বাজারে দাম বাড়ানো হয়েছে।

আজ বাড়লেও চলমান যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে সোনার দাম খুব একটা বাড়বে, তেমন পূর্বাভাস নেই।

Your experience on this site will be improved by allowing cookies.