ঈদের কেনাকাটায় খরচের চাপ, মধ্যবিত্তের সাশ্রয়ের ১০টি কৌশল

John Smith | আপডেট: ১১ মার্চ ২০২৬, ১০:০৩ দুপুর

ঈদের কেনাকাটা করছেন কেউ কেউ

ঈদসহ যেকোনো উৎসব এলেই বাড়ে কেনাকাটার চাপ। সীমিত আয়ের মধ্যবিত্ত পরিবারে তাই পরিকল্পনা ছাড়া খরচ করলে মাসের শেষে টান পড়ে। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে মধ্যবিত্ত পরিবারকে একটু চিন্তাভাবনা করেই ঈদের কেনাকাটায় খরচ করতে হবে।

বাংলাদেশের পরিবারগুলোর ভোগব্যয় প্রতিবছরই বাড়ছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপে উঠে এসেছে। তাই উৎসবের সময় পরিকল্পিত ব্যয় ও সচেতন কেনাকাটা মধ্যবিত্ত পরিবারের আর্থিক স্বস্তি বজায় রাখতে সহায়ক হতে পারে।

এবার ঈদের কেনাকাটায় কিছু সহজ কৌশলের কথা আলোচনা করা হলো, যা আপনার খরচকে নিয়ন্ত্রণে রাখবে।

১. আগে বাজেট, তারপর কেনাকাটা

ঈদের কেনাকাটার আগে মোট কত টাকা খরচ করবেন, সেটি ঠিক করা জরুরি। পোশাক, উপহার, যাতায়াত ও খাবারের খরচ আলাদা করে হিসাব করলে অপ্রয়োজনীয় ব্যয় কমে যায়।

২. অগ্রাধিকার ঠিক করুন

পরিবারের সবার জন্য নতুন পোশাক কেনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। সে ক্ষেত্রে শিশু ও বয়স্ক ব্যক্তিদের প্রয়োজন আগে বিবেচনায় রাখলে খরচ নিয়ন্ত্রণে থাকে। তাই কেনাকাটার আগে অগ্রাধিকার ঠিক করুন।

৩. আগেভাগে কেনাকাটা করুন

ঈদের শেষ সপ্তাহে বাজারে ভিড় বাড়ে, অনেক সময় দামও বেশি থাকে। আগে কেনাকাটা করলে পছন্দমতো জিনিস পাওয়া যায় এবং দরদাম করার সুযোগও থাকে। শেষ সময়ের জন্য অপেক্ষা না করে এখনই কেনাকাটা শেষ করে ফেলুন।

৪. ছাড়ের সুযোগ নিন

শপিং মল বা অনলাইন প্ল্যাটফর্মে ঈদ উপলক্ষে নানা ধরনের ছাড় থাকে। এসব অফার তুলনা করে কিনলে কিছুটা সাশ্রয় সম্ভব। তাই খুঁজে দেখুন, কোথায় ছাড় আছে।

৫. দরদাম জরুরি

অনেকেই ব্র্যান্ড শোরুমের পরিবর্তে সাধারণ দোকানপাট বা স্থানীয় বাজারে কেনাকাটা করেন। তাই এসব দোকান থেকে কেনাকাটা করলে অবশ্যই দরদাম করার সুযোগ থাকে। একই পণ্যের দাম কয়েকটি দোকানে জেনে নিলে ভালো দামে কেনা যায়, এতে টাকা বাচে।

৬. তালিকা নিয়ে বাজারে যান

বাজারে যাওয়ার আগে কী কী কিনবেন, তার তালিকা তৈরি করুন। তালিকা থাকলে হঠাৎ করে অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা কমে যায়, যা খরচ কমাতে সাহায্য করে।

৭. একসঙ্গে বেশি কেনাকাটা এড়িয়ে চলুন

এক দিনেই সব কেনাকাটা করতে গেলে অনেক সময় অপ্রয়োজনীয় খরচ হয়ে যায়। কয়েক দিনে ভাগ করে কিনলে ব্যয়ের ওপর নজর রাখা সহজ হয়।

৮. ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্ক থাকুন

ক্রেডিট কার্ডে ছাড় থাকলেও পরে বিল পরিশোধে চাপ তৈরি হতে পারে। ছাড় থাকায় অনেক সময় অপ্রয়োজনীয় বা কম গুরত্বপুর্ণ পণ্য কেনা হয়ে যায়। তাই কার্ড ব্যবহার করলে পরিশোধের সক্ষমতা বিবেচনায় রাখা ভালো।

৯. যাতায়াত খরচও হিসাব রাখুন

ঈদের সময় গ্রামে যাওয়া–আসায় বড় অঙ্কের টাকা লাগে। তাই আগে থেকেই যাতায়াত খরচ বাজেটে ধরলে পরে সমস্যা কম হয়।

১০. কিছু টাকা সঞ্চয়ে রাখুন

সব টাকা ঈদের কেনাকাটায় খরচ না করে কিছু অংশ সঞ্চয়ে রাখা ভালো। এতে ঈদের পর মাসিক খরচ সামলানো সহজ হয়।

 

Your experience on this site will be improved by allowing cookies.