দুই কোম্পানিতে বিনিয়োগের টাকা ফেরত আনতে হবে ভ্যানগার্ডকে

John Smith | আপডেট: ৭ মে ২০২৬, ১১:১৬ দুপুর

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবন | সংগৃহীত

আইন লঙ্ঘন করে অতালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগ করা অর্থ সুদসহ ফেরত আনতে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল বুধবারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড থেকে দেড় কোটি টাকা ২০১৩ সালে অতালিকাভুক্ত বেঙ্গল পলি অ্যান্ড পেপার নামে এক কোম্পানিতে বিনিয়োগ করা হয়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়ামসহ মোট ২৫ টাকা করে কোম্পানিটির প্রতিটি শেয়ার কেনা হয়। বিএসইসি এখন বলছে, এই বিনিয়োগের বিপরীতে ৩০ কার্যদিবসের মধ্যে ৫ কোটি ৭৪ লাখ টাকা মিউচুয়াল ফান্ডে ফেরত আনতে হবে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানটিকে। নির্ধারিত এ সময়ের মধ্যে ধার্য করা অর্থ ফেরত আনা না হলে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে গুনতে হবে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা।

বিএসইসি জানায়, ২০১৭ সালে একই মিউচুয়াল ফান্ড থেকে অতালিকাভুক্ত কোম্পানি এএফসি হেলথে ছয় কোটি টাকা বিনিয়োগ করা হয়। কোম্পানিটির প্রতিটি শেয়ার কেনা হয় সাড়ে ১২ টাকায়। যার মধ্যে ছিল ১০ টাকা অভিহিত মূল্য ও আড়াই টাকা অধিমূল্য বা প্রিমিয়াম। এই বিনিয়োগের বিপরীতে এখন ৩০ কার্যদিবসের মধ্যে ১৪ কোটি ৮৫ লাখ টাকা তহবিলে ফেরত আনার নির্দেশ দিয়েছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে এই তহবিলে জমা দিতে ব্যর্থ হলে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে ১৬ কোটি টাকা জরিমানা গুনতে হবে বলেও জানিয়েছে বিএসইসি।

বিএসইসির তথ্য অনুযায়ী, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড থেকে বেঙ্গল পলি অ্যান্ড পেপার ও এএফসি হেলথে সাড়ে সাত কোটি টাকা বিনিয়োগ করা হয়। সেই সাড়ে ৭ কোটি টাকা বিনিয়োগের বিপরীতে ২০ কোটি ৫৯ লাখ টাকা ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসইসির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিনিয়োগের বিপরীতে বছরভিত্তিক মুনাফার একটি হার ধরে ফেরত আনা অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

বিএসইসি বলছে, নির্ধারিত সময়ের মধ্যে দুই কোম্পানি থেকে বিনিয়োগের অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে সে ক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপক কোম্পানির যে জরিমানা হবে, সেটি ওই কোম্পানির নিজস্ব দায় হিসেবে পরিশোধ করতে হবে। মিউচুয়াল ফান্ডের তহবিল থেকে এই দুটি কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডের ট্রাস্টি হিসেবে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য রাষ্ট্রায়ত্ত বিনিয়োগপ্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় ফান্ডের নিরীক্ষক মালেক সিদ্দিকী ওয়ালি অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা এফআরসিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

Your experience on this site will be improved by allowing cookies.