আজ সোনার দাম ভরিতে কমল ৪,৪৩২ টাকা

John Smith | আপডেট: ৯ এপ্রিল ২০২৬, ১:১৯ দুপুর

বিশ্ববাজারে দরপতনের কারণে এক দিনের ব্যবধানে দেশে সোনার দাম কমেছে ৪ হাজার ৪৩২ টাকা। নতুন দাম আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। গতকাল বুধবার সকালে সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বেড়েছিল।

দাম কমায় আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের দাম কমে হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা। আর ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও সামান্য কমেছে। ভরিতে কমেছে ১৭৫ টাকা। এতে করে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকায়।

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ—সব মিলিয়ে সোনার দামে অনেক দিন ধরেই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বিশ্ববাজারে সোনার দাম গত বছর ৭০ শতাংশের বেশি বেড়েছে। তবে বিশ্ববাজারে এখন সোনার দাম কিছুটা কমছে।

Your experience on this site will be improved by allowing cookies.